ইউটিউব চ্যানেল খুললো ঢাকা রিপোর্টার্স ইউনিটি
নিউ মিডিয়া জগতে প্রবেশ করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সদস্যদের জন্য টেলিমেডিসিন সুবিধা চালুর পর ইউটিউবে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি। প্রকাশ করেছে Reporters Voice নামে একটি ইউটিউব চ্যানেল।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ।
তিনি জানান, নিউ মিডিয়ার এ যুগে গণমাধ্যমের পরিধি বেড়েছে। অনলাইন পোর্টাল, আইপিটিভি, ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সোস্যাল মিডিয়া প্রচলিত ও মূলধারার মিডিয়ার জন্য চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য বিভিন্ন গণমাধ্যম দর্শক-পাঠক ধরে রাখার জন্য বিভিন্ন সোস্যাল মিডিয়া ব্যবহার করছেন।
“রিপোর্টারদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখন পর্যন্ত প্রচলিত প্রিন্টিং প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি (২০২০) Reporters Voice (রিপোর্টার্স ভয়েজ) নামে একটি ইউটিউব চ্যানেল চালুর উদ্দ্যোগ গ্রহন করেছে”, যোগ করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, ডিআরইউর এ ভিডিও চ্যানেলে সংগঠনের কার্যক্রমের ওপর নিজস্ব রিপোর্টিং ছাড়াও সাংবাদিকদের দুঃখ-কষ্ট, হাসি-কান্না, অভিজ্ঞতা, ভ্রমন কাহিনী, বিনোদনমূলক অনুষ্ঠান এবং করোনাকালিন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে ভিডিও ও সিনিয়র সাংবাদিকদের সাক্ষাতকার প্রকাশ করা হবে। এছাড়া, চ্যানেলটি ডিআরইউর কার্যক্রমের একটি আর্কাইভ হয়ে থাকবে।